ফরিদপুরের সালথায় মাদকবিরোধী অভিযানে ২০ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবুল হোসেন (৩৮) নামে একজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন মদ কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা সুজন ওরফে সুজ্জাত।
সোমবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকায় সুজ্জাতের বাড়িতে এ অভিযান চালায় সালথা থানা-পুলিশ।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে সুজ্জাতের বাড়িতে মদ কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজ্জাত দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে ওই বাড়িতে থাকা আবুল হোসেনকে আটক করা হয়।
অভিযানকালে বাড়ি থেকে ১৩ লিটার বাংলা মদ ও ৭ লিটার কেরু মদ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মদগুলো বোতল ও ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
আটক আবুল হোসেন (৩৮) বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম পাচ্চু শেখ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গতকাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, সালথা থানাধীন যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া দক্ষিণপাড়ায় সুজ্জাতের বাড়িতে সুজ্জাত তাঁর সঙ্গীদের নিয়ে মদ ক্রয়-বিক্রয় করছেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে গেলে সুজ্জাত পালিয়ে যান।
আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করি। ঘটনাস্থল থেকে আমরা ২০ লিটার মদ উদ্ধার করি। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।