শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক ও শুকুন্দী নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান রবীন
এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন এবং মন্দিরগুলোর পূজা উদ্যাপন ও অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে তিনি পূজার আয়োজক, হিন্দু সম্প্রদায়ের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে দলীয় নেতাকর্মীদের নিয়ে পাশে থাকার কথা জানান।
মাহমুদুল হাসান রবীন মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শুকুন্দী নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ।
রবীন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাস করে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত বকুলের দিকনির্দেশনায় শুকুন্দী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করা হচ্ছে।
তিনি বলেন, ধর্মের বিভাজন নয়, হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে শুকুন্দী ইউনিয়নের সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শুকুন্দী ইউনিয়নের প্রতিটি মন্দিরে পূজা উদ্যাপন ও সংস্কারকাজে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। অতীতের তুলনায় আরও বেশি নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনে আয়োজকদের পাশে থাকার চেষ্টা করেছেন তাঁরা। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি আশ্বাস দেন।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুকুন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।