ফরিদপুরের সালথায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় ২০২৬-২৭ অর্থবছরে মাটি কাটার কাজে লটারির মাধ্যমে ৮০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। স্বচ্ছতা বজায় রেখে শ্রমিক নির্বাচন করতে ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। তিন দিনে ছয়টি ইউনিয়নে লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন করা হয়েছে। বাকি দুই ইউনিয়ন আটঘর ও রামকান্তপুরে বৃহস্পতিবার লটারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ৮০ জন নারী শ্রমিক নির্বাচন করা হবে। এরই মধ্যে তিন দিনে প্রতিদিন দুটি করে ছয়টি ইউনিয়নে লটারি অনুষ্ঠিত হয়েছে। বাকি দুই ইউনিয়নে লটারি সম্পন্ন হলে ৮০ জন নারী শ্রমিক নির্বাচনের কার্যক্রম শেষ হবে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে আয়োজিত লটারিতে উপজেলা প্রকৌশলী মোঃ আবু জাফর মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিয়োগপ্রত্যাশী নারীরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে উন্মুক্তভাবে লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন করা হয়।