ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার একদিন পরই আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরে মিছিলটি বের করা হয়। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, সাইফুল ইসলাম রিজু, সাফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব ও জুয়েল লস্কর প্রমুখ। এ ছাড়াও আনন্দ মিছিলে নবগঠিত কমিটির সকল সদস্যসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলের আগে নতুন কমিটির সকল নেতাদের ফুলেল মালা পড়িয়ে দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফ।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৩৫ সদস্যবিশিষ্ট সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।