শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান।
সম্প্রতি ‘International Human Rights Society’ কর্তৃক তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। শিক্ষা বিস্তার, সামাজিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেন।
প্রফেসর মোঃ ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার মেধা, দক্ষতা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি শিক্ষা ও বিভিন্ন কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। শিক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তার ভূমিকা রয়েছে।
তার এই আন্তর্জাতিক সম্মাননা অর্জনের খবরে নবকাম পল্লী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ অর্জন শুধু অধ্যক্ষ ওবায়দুর রহমানের নয়, বরং নবকাম পল্লী কলেজসহ সালথার জন্যও গর্বের বিষয়।
অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমানের এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শিক্ষা ও সমাজসেবায় ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ অবদানের জন্য শুভকামনা জানিয়েছেন।