গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্রাগারে থাকা বিপুলসংখ্যক সরকারি ও পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে অস্ত্রগুলো নিরাপদে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান। তাঁর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা মুকসুদপুর থানা থেকে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসেন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়। এ ঘটনায় থানার অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ‘১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও কয়েকটি যানবাহন পুড়ে যায়। এমন পরিস্থিতিতে অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তখন দায়িত্বের অংশ হিসেবে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মুকসুদপুর থানায় যাই। পরে সেখান থেকে ৪০০টির বেশি সরকারি ও পাবলিক অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসি।’
এদিকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতা, পেশাদারিত্ব, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ওসি বাবলুর রহমান খান এবং তাঁর দলের সদস্যদের প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দনবার্তায় তাঁদের এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী অভিনন্দনবার্তায় বলেন, প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ওসি ও তাঁর দল বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এ দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হবে বলেও জানান তিনি।
এদিকে ওসি বাবলুর রহমান খান ও তাঁর দলের সাহসিকতায় অভিনন্দন জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এ দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য গর্বের।