গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষা কার্যক্রমে আবারও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জেলার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ২২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে একই পরিস্থিতির কারণে গত ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি সভায় ১৮ ও ১৯ নভেম্বরের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হলো।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে সব বিভাগের নিয়মিত পাঠদান ও পরীক্ষা কার্যক্রম।