দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বীরগঞ্জ এডিপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, চেক বিতরণ ও অলোচনা সভায় বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ শক্তি। প্রযুক্তিনির্ভর এই যুগে তাদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া অত্যন্ত জরুরি। আমরা চাই বীরগঞ্জের প্রতিটি যুবক-যুবতী ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হোক, কর্মসংস্থান তৈরি করুক এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখুক। প্রশিক্ষণই পারে তাদেরকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করতে।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন -আহবায়ক মোঃ আব্দুল জব্বার, সফল উদ্যোক্তা মোঃ মইন উদ্দিন।
আলোচনা সভা শেষে ২ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীর মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এসময় ৩ জন সফল যুব সংগঠকের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
র্যালিতে সাংবাদিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জে এস কে এস ও ই এস ডিও এনজিও-সহ শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।