ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাখালগাছি কাজী সিরাজুল ইসলাম দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে শিক্ষক আব্দুর রউফ খানকে মনোনীত করাকে কেন্দ্র করে অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁকে সভাপতি মনোনীত করায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি কাজী সিরাজুল ইসলাম দাখিল মাদরাসার সামনে ঘোষপুর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে ঘোষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুর আলী মোল্লাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত রোববার কয়েকজন ব্যক্তি মানববন্ধন করে শিক্ষক আব্দুর রউফ খানকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। তাঁদের দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেত্রী হেলেন জেরিন খান ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
মাদরাসার এডহক কমিটির সভাপতি মো. আব্দুর রউফ খান বলেন, আমাকে সভাপতি মনোনীত করায় হেলেন জেরিন খান এমপি ও সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামকে অভিনন্দন জানাই। সরকারি বিধিবিধান অনুযায়ী আমি এ প্রতিষ্ঠানের সভাপতি হয়েছি। মাদরাসার শিক্ষাব্যবস্থার আরও উন্নয়নে কাজ করতে চাই। তবে আমাকে ও সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
বক্তারা আরও বলেন, শিক্ষক আব্দুর রউফ খান একজন শিক্ষিত ও ভদ্র মানুষ। তাঁকে মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় তাঁরা আনন্দিত। তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।