ফরিদপুরের মধুখালীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সদ্বভাবপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার,১২ অক্টোবর) সকালে মধুখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি উপস্থিত বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং দুর্গাপূজা উদযাপনে সরকার প্রদত্ত সকল নির্দেশনা যথাযথভাবে মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত পূজামণ্ডপের প্রতিনিধিদের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কোনো স্বার্থান্বেষী মহল যেন প্রতিমা ভাঙচুর বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা এবং দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার তাগিদ দেন। একইসঙ্গে নিরাপত্তার সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলদের প্রতি সচেষ্ট থাকার আহ্বান জানান।
সভায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পূজামণ্ডপগুলোর প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলামিন সরোয়ার, মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, স্থানীয় পূজামণ্ডপের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে প্রস্তুতিমূলক সভা শেষে উপজেলা পর্যায়ের ‘আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইউএনও মাসুদুর রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।