শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এ জন্য পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক দল গঠন, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং দর্শনার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ (রবিবার, ১১ অক্টোবর) বিকালে ফরিদপুরের মধুখালী থানা প্রশাসনের আয়োজনে মধুখালীতে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পুলিশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। মধুখালী থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামান।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়ের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নওশের আলী চৌধুরী, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, হিন্দু ফ্রন্টের নেতা বাবলু কুমার রায়, সাংবাদিক, উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামান বলেন, এ বছর দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল রাখতে হবে। স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তাঁদের পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক থাকতে হবে। মণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও চলাচলের লাইন রাখার পাশাপাশি মন্দিরের আশপাশের দোকানপাট রাস্তা থেকে দূরে রাখার নির্দেশনা দেন তিনি। এ ছাড়া বেপরোয়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ওসি সুকদেব রায় বলেন, প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। পূজার আনুষ্ঠানিকতা শেষে বিসর্জন দ্রুত সম্পন্ন করার পাশাপাশি দর্শনার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে উচ্চ শব্দে গানবাজনা ও ডিজে পার্টি করা যাবে না। চুরি-ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। মণ্ডপের স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র দেওয়া হবে এবং তাঁদের দায়িত্বশীল ও শোভন আচরণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।