‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (সোমবার,১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে মধুখালী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে মধুখালী পাইলট উচ্চ বিদ্যানিকেতনের হলরুমে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা ও কোমলমতি কন্যা শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক কন্যা শিশুর প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডুর সার্বিক দিকনির্দেশনা ও পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরা আজকের সমাজে আর পিছিয়ে নেই। সঠিক শিক্ষা, পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তারাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মূল ভূমিকা রাখবে। বাল্যবিয়ে রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আল আমীন সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি, মধুখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মৃধা আক্তারুজ্জামান, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।