ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আজ (বুধবার ২০ মে) সকালে শহরের কোর্ট কম্পাউন্ডের সামনে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। “মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচির প্রচারণা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াত জোটের মিথ্যাচারের বিরুদ্ধে” শীর্ষক এ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল এবং জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনসহ অন্য নেতারা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধীদের বিভ্রান্তিকর বক্তব্যের সমালোচনা করেন। তারা বলেন, জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নেও সরকার অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বক্তারা।
সভাস্থলে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন।পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক লিফলেটও বিতরণ করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দৈনিক বাঙ্গালী খবরকে জানান, রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ইতিবাচক আলোচনা করা। তারা আশা প্রকাশ করেন, রাজনৈতিক কর্মসূচিগুলো যেন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে নেতারা দলীয় ঐক্য আরও সুসংহত করার পাশাপাশি সরকারের উন্নয়ন বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।