আসন্ন পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবা নিশ্চিতকরণের ওপর বিশেষ জোর দিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন।
আজ (রবিবার ১৭ মে,২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই তাগিদ দেওয়া হয়। সভায় ঈদ প্রস্তুতি ছাড়াও জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও জননিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী এই সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সভায় আসন্ন ঈদুল আযহা কেন্দ্রিক গৃহীত বিভিন্ন কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ঈদকালীন সময়ে জনভোগান্তি কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে সভায় কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ে জোর দেওয়া হয়। ঈদ উপলক্ষে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে উৎসবের আড়ালে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে নিয়মিত ও বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোরবানির পশুর চামড়া যেন সঠিকভাবে সংরক্ষণ ও সুষম মূল্যে কেনাবেচা হয়, সে বিষয়ে তদারকির সিদ্ধান্ত হয়। পাশাপাশি, ঈদের পর দ্রুততম সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট পৌরসভা ও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়। ঈদকালীন সময়ে বিদ্যুৎ, স্বাস্থ্য ও জরুরি সেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ফরিদপুর শহরের কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে হলে সকল বিভাগ ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ঈদের সময় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। “একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত ফরিদপুর গঠনে দল-মত নির্বিশেষে এবং সকল সরকারি-বেসরকারি দপ্তরকে একযোগে কাজ করতে হবে।”
সমন্বয় সভায় জেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন চৌধুরীসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধানগণ।
সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বলেন, সকল দপ্তরের আন্তরিক ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ফরিদপুর জেলাবাসীকে একটি উৎসবমুখর, নিরাপদ ও পরিচ্ছন্ন ঈদুল আযহা উপহার দেওয়া সম্ভব হবে। এ লক্ষ্যে তিনি প্রতিটি বিভাগকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দেন।