রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সফলভাবে সম্পন্ন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ ( বৃহস্পতিবার ২৩ এপ্রিল,২০২৬) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দেশের নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ এই উচ্চতর কোর্সটি গত ৫ এপ্রিল শুরু হয়েছিল। দীর্ঘ প্রায় তিন সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ ও কৌশলগত আলোচনার পর আজ এটি সফলভাবে সমাপ্ত হয়। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে চৌধুরী নায়াব ইউসুফ এখন থেকে এনডিসি-র সম্মানজনক ‘ফেলো অব দ্য ক্যাপস্টোন কোর্স’ হিসেবে স্বীকৃত হলেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান (চিফ অব আর্মি স্টাফ) জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের হাতে কোর্স সম্পন্নের সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন। এসময় এনডিসি-র কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের এই ক্যাপস্টোন কোর্সটি মূলত জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব এবং উন্নয়নকে সমন্বিত করার লক্ষ্যে পরিচালিত হয়। রাষ্ট্রের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিশেষ করে সংসদ সদস্য, জ্যেষ্ঠ আমলা, সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকরা এই কোর্সে অংশগ্রহণ করে থাকেন।
চৌধুরী নায়াব ইউসুফ এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও নীতিনির্ধারণী বিষয়ে আরও গভীর জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করলেন, যা তাঁর সংসদীয় কার্যক্রম এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।