গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যপন রায়ের বাড়ির পাশে এলজিইডির একটি সড়কের একাংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জলিলপার থেকে মুকসুদপুরগামী সড়কের ব্যাঙ্গারা পুকুরপাড় এলাকাতেও সড়ক ভাঙনের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কের এক পাশের মাটি ও পাকা অংশ ভেঙে যাওয়ায় বিশেষ করে রাতের বেলায় যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। অন্ধকারে সড়কের ভাঙা অংশটি সহজে বোঝা না গেলে সামান্য দ্রুতগতির কোনো যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ভাঙন সৃষ্টি হওয়ায় স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কের এই অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় পথচারী ও যানবাহন চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা এবং রাতে দৃশ্যমানতার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।