‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
আজ (রোববার, ২ আগষ্ট) সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তিনি ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা তাওহীদ হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরীসহ বিএনপি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণের পর সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজের সব স্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পাশাপাশি মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।