মুকসুদপুর (গোপালগঞ্জ): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও কর্ম সম্পর্কে শিশুদের জানাতে ‘জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ শীর্ষক দুটি বই প্রকাশ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলার ৯৭ নম্বর কলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবরিনা শুভ্রার পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ শিক্ষার্থীদের হাতে বই দুটি তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বই দুটির বিষয়বস্তু সম্পর্কে অবহিত করা হয়।
পরে শিক্ষকরা শিক্ষার্থীদের সামনে বই দুটি পড়ে শোনান এবং শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশের জন্য তাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বালা বলেন, বইগুলো শিশুদের উপযোগী করে লেখা হওয়ায় শিক্ষার্থীরা এগুলো পড়ে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া সম্পর্কে প্রাথমিক ধারণা ও জ্ঞান অর্জন করতে পারবে।
বই বিতরণকালে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।