ফরিদপুর মুসলিম মিশন কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ঈদুল ফিতরের তৃতীয় দিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে আয়োজক কমিটি।
আজ (শনিবার, ২৮ নভেম্বর) বেলা ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসউদ্দিন মোল্লা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০২ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর মুসলিম মিশন কলেজ ২০২৭ সালে গৌরবের ২৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। এ উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসবের আয়োজন করা হবে। উৎসবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে। এতে দেশবরেণ্য শিক্ষাবিদ, সমাজচিন্তক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি আরও জানান, উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। আগামী এক সপ্তাহের মধ্যে অনলাইন নিবন্ধনও চালু করা হবে। নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানানো হবে। আয়োজক কমিটি জানিয়েছে, ২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত ব্যাচের সাবেক শিক্ষার্থী ও তাঁদের স্বামী-স্ত্রীর জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৫০০ টাকা এবং ২০২১ সাল থেকে বর্তমান শিক্ষার্থীদের জন্য ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
সংবাদ সম্মেলনে কলেজ প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আয়োজকরা। তাঁরা বলেন, ফরিদপুর মুসলিম মিশনের প্রতিষ্ঠাতা মৌলভী মশিহুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এবং কলেজের এমপিওভুক্তিতে সহযোগিতাকারী সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদান কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক মনিরুল ইসলাম, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন এবং অধ্যাপক এম এ সামাদ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ আবু জাফর শেখ, রসায়ন বিভাগের অধ্যাপক জাফর ইকবাল দুলাল, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নিশান আহমেদ, মোকাররম হোসেন, অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপক শাহীন ইসলাম, আইসিটি বিভাগের অধ্যাপক খালেকুজ্জামান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মো. ইয়াসিন আলী, সাবেক শিক্ষার্থী দিদারুল ইসলাম, আবু জাফর, জীবল আমিন ও এস এইচ এম মাহমুদ সুজনসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে কলেজের ২৫ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অর্জনকে তুলে ধরার পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় হবে। উৎসব সফল করতে তাঁরা গণমাধ্যমকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।