অবিভক্ত বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসংস্কারক ও ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলের কৃতি সন্তান মরহুম ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া)-এর ৫৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল (২৬ নভেম্বর)। ১৯৭১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ময়েজ মঞ্জিল পরিবারের পক্ষ থেকে এবং তাঁর পৌত্রী, ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছেন।
জন্ম ও পারিবারিক ঐতিহ্য :
১৯০৫ সালের ২৯ ডিসেম্বর অবিভক্ত ভারতের ফরিদপুর জেলার বিখ্যাত জমিদার পরিবার ময়েজ মঞ্জিলে জন্মগ্রহণ করেন ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া। তাঁর পিতা ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ জমিদার খান সাহেব চৌধুরী ময়েজউদ্দিন বিশ্বাস। তাঁর বড় ভাই চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দিন (লাল মিয়া) এবং ছোট ভাই চৌধুরী এনায়েত হোসেন (তারা মিয়া)। এছাড়া ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহর পরিবারের সাথে তাঁদের নিকটাত্মীয়তার সম্পর্ক রয়েছে। ১৯২৩ সালে পিতার মৃত্যুর পর মোহন মিয়া জমিদারির দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক জীবন ও ভাষা আন্দোলনে ভূমিকা :
ছাত্রজীবন থেকেই ব্রিটিশবিরোধী আন্দোলনের সাথে যুক্ত মোহন মিয়া ১৯৩৭ সালে মুসলিম লীগের প্রার্থী হিসেবে বেঙ্গল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন এবং বৃহত্তর ফরিদপুর ডিস্ট্রিক্ট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে টানা ১৮ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য এবং পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে মোহন মিয়া এর বিরোধিতা করে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করার পরামর্শ দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনে সমর্থন জোগান। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিবর্ষণের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর মালিকানাধীন ‘দৈনিক মিল্লাত’ পত্রিকায় “রাতের আঁধারে এত লাশ কোথায় যায়” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ভাষা আন্দোলনের পক্ষ নেওয়ায় তৎকালীন পাকিস্তান সরকার তাঁকে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে। পরবর্তীতে তিনি শেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টিতে যোগ দেন এবং ১৯৫৪ সালের ঐতিহাসিক যুক্তফ্রন্ট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফাই ছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়। যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন এবং ১৯৫৪ সালের ৭ মে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। তৎকালীন রাজনৈতিক অঙ্গনে তিনি ‘কিং মেকার’ হিসেবে পরিচিত ছিলেন।
শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান :
ফরিদপুর জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি ময়েজ মঞ্জিলের জমি দান করে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মধ্যে ১৯২৬ সালে ময়েজউদ্দিন স্কুল, ১৯৩২ সালে হালিম গার্লস স্কুল, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য হালিমা হোমস, চরমাধবদিয়ায় ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং বিলনালিয়ায় ময়েজউদ্দিন মাদ্রাসা ও স্কুল অন্যতম। ১৯৪৫ সালে পরিবারের ৫০০ একর জমির ওপর তিনি গড়ে তোলেন ‘বায়তুল আমান’, যেখানে বর্তমানে সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত। অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এই নেতা ফরিদপুরের সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেছিলেন।
উত্তরসূরিদের অবদান :
মোহন মিয়ার সাত পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর সদর আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৩ বার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর আরেক পুত্র মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফ ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান ও পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হন। অপর পুত্র মরহুম সাব্বির ইবনে ইউসুফ ছিলেন খ্যাতিমান ক্রীড়াবিদ ও শিল্পপতি, যিনি ফরিদপুরের পাটচাষীদের উন্নয়নে কানাইপুরে ‘ফরিদপুর জুট ফাইবার্স ইন্ডাস্ট্রি’ প্রতিষ্ঠা করেন। তাঁর অন্য পুত্রদের মধ্যে চৌধুরী খালেদ ইবনে ইউসুফ চলতি মাসের ৬ তারিখ (৬ নভেম্বর ২০২৬) ইন্তেকাল করেছেন এবং চৌধুরী ফয়সাল ইবনে ইউসুফ, চৌধুরী ফুয়াদ ইবনে ইউসুফ ও চৌধুরী সাউদ ইবনে ইউসুফ বর্তমানে জীবিত রয়েছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়েজ মঞ্জিল পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কীর্তিমান এই মানুষটির কর্ম ও আদর্শ যুগ যুগ ধরে এ দেশের মানুষের হৃদয়ে চিরজাগরূক হয়ে থাকবে।