নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতিতদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ইমপাওয়ার প্রকল্পের আওতায় ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা (জেএসকেএস)-এর আয়োজনে উপজেলার মাকড়াই আদিবাসীপাড়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল, “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি, বেঁচে ফেরা সাহসী মানুষদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।”
উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমরমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা (জেএসকেএস)-এর প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল আলম ও সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মাসুদুজ্জামান জুয়েল। এ ছাড়া আদিবাসী নৃগোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন জোযপিনা মুর্মু ও মার্গেরিতা টুডু।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, বিশ্বে প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতার শিকার হন। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে অন্তত ৫০ হাজার নারী ও কন্যাশিশু স্বামী, সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত সামাজিক প্রতিরোধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।