গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশ বিভাগে একের পর এক রদবদলের ঘটনা ঘটছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অন্য জেলায় বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বদলির তথ্য জানা যায়।
বদলির আদেশ অনুযায়ী, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে দিনভর বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় প্রশাসন ও পুলিশ বিভাগে এসব রদবদল নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।