বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া উৎসব ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মেগা ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠেছে ফরিদপুর। এই মহারণকে বরণ করে নিতে আজ বিকেলে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় স্থানীয় ফুটবলপ্রেমী ও যুবসমাজের উদ্যোগে একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত আনন্দ শোভাযাত্রা বের করা হয়। প্রিয় দলের জার্সি পরিধান করে এবং বাংলাদেশ ও ফুটবল দলের পতাকা হাতে কয়েকশ’ সমর্থক এই আনন্দ মিছিলে অংশ নেন।
শোভাযাত্রাটি পশ্চিম খাবাসপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারপাশ উৎসবমুখর করে তোলে। রং-বেরঙের প্ল্যাকার্ড, এবং ভুভুজেলা বাঁশির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রাটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে সমবেত হয়।
সরকারি রাজেন্দ্র কলেজের পদার্থবিজ্ঞান ভবনের সামনে সমবেত হয়ে অংশগ্রহণকারীরা এক অভূতপূর্ব ফুটবল উন্মাদনা সৃষ্টি করেন। সেখানে সবাই মিলে দলবদ্ধভাবে একটি জমকালো ফটো সেশনে অংশ নেন। উপস্থিত সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান ও করতালির মাধ্যমে পুরো ক্যাম্পাস মাতিয়ে রাখেন। এরপর মিছিলটি পুনরায় নির্দিষ্ট রুট ধরে এগিয়ে গিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
এই জমকালো এবং সুশৃঙ্খল আয়োজনটি করেছে সূর্যমুখী সমাজ কল্যাণ সংস্থা এবং সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন রাফি আহমেদ হামিদ, শেখ মোজাম্মেল এবং আবুল হাসনাত (পাপ্পু)-সহ স্থানীয় তরুণ সমাজের প্রতিনিধিরা।
আয়োজকেরা জানান, ফুটবল বাঙালির আবেগের জায়গা, আর বিশ্বকাপ ফাইনালকে স্মরণীয় করে রাখতেই তাদের এই সুসংগঠিত প্রয়াস। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বর্ণাঢ্য শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা অংশগ্রহণকারী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।