নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘলকে ঘিরে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১১ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া আটজনকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী ছাত্র ধর্মঘলকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হন। এ সময় তাদের হাতে লগি-বৈঠা, ঢাল, সড়কি ও দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, শহরের লঞ্চঘাট, বিসিক ব্রিজ, এলজিইডি মোড়, মান্দারতলা, বেদগ্রাম বিশ্বরোড, পল্লীবিদ্যুৎ মোড়সহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। কয়েকটি স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিক্ষোভ চলাকালে কভার্ড ভ্যান, বাস এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা দুর্ভোগে পড়েন।
এজাহারে ৯ নভেম্বর রাতের কয়েকটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। পুলিশের অভিযোগ, ওই রাতে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রবেশপথ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনার মাধ্যমে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছিল বলে মামলায় দাবি করা হয়েছে।
এ ছাড়া একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।