গোপালগঞ্জ শহরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একাধিক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা হাতে মিছিল, সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ এবং জেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপনের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় কয়েকজন নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এ সময় তাদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে শহরের উপকণ্ঠে গাবতলা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।
দুপুর ১২টার দিকে জেলা কারাগারের সামনের এলাকা থেকে আরও একটি মিছিল বের হয়। মিছিলটি লঞ্চঘাট ব্রিজ এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশকে নীরব অবস্থানে থাকতে দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
দিনের কর্মসূচির শেষ দিকে দুপুর আড়াইটার দিকে একদল নেতাকর্মী গোপালগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি টাঙিয়ে দেন। এ সময় কার্যালয়ের ভেতরে ‘জেলা পরিষদ স্বাধীন’ স্লোগানও দেন তারা।
ঘটনাগুলো সম্পর্কে জানতে চাইলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশিদ জানান, শহরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক এসব কর্মসূচির ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।