প্রায় দুই বছর বন্ধ থাকার পর সীমিত পরিসরে আবারও চালু হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি)। পুনরায় চালুর প্রথম দিনেই আজ (মঙ্গলবার ৮ সেপ্টেম্বর) জরুরি ভিত্তিতে এক দরিদ্র প্রসূতির সফল সিজারিয়ান সেকশন (সিজার) অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, উপজেলার গোন্দারদিয়া গ্রামের মো. জাকিরের মেয়ে এবং রাজুর স্ত্রী মোসাম্মৎ জান্নাতি (১৮) ৪০ সপ্তাহের পূর্ণ গর্ভকাল শেষে পানি ভাঙার জটিলতা নিয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে জরুরি ভিত্তিতে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসক ডা. সৌরিয়া সুলতানা। তাকে সহযোগিতা করেন ডা. শাহবাজ খান। আর ওটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র স্টাফ নার্স ফারজানা আহাম্মেদ চৈতি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশনের পর মা ও নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। সেখানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি সীমিত পরিসরে পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হলো। মা ও শিশু দুজনকেই বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে যদি গাইনি ও একজন এনেস্থিসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক এই হাসপাতালে পদায়ন করা যায়, তাহলে নিয়মিতভাবেই এই সেবা চালু রাখা সম্ভব হবে।”
দীর্ঘদিন পর ওটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা গেলে মধুখালী ও আশপাশের এলাকার প্রসূতি রোগীদের জন্য উপজেলা পর্যায়েই জরুরি অস্ত্রোপচারসহ উন্নততর চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।