“মাদকাসক্ত সন্তানের কাছে যেমন বাবা-মা নিরাপদ নন, তেমনি লুটপাটকারীদের হাতেও দেশ নিরাপদ নয়। শুধু মুখে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গাইলেই হবে না, প্রকৃত অর্থে দেশকে ভালোবাসতে হবে।”
আজ (শনিবার, ০৫ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলা মিলনায়তনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মুহম্মদ ইলিয়াস মোল্যা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শোয়াইব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মোট ৭৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি ড. ইলিয়াস মোল্যা আরও বলেন, “বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনায় কোনো ফাঁকি না দিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে খাঁটি মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মো. মাজহারুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, ফরিদপুর জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন মোল্যা এবং শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলীমুজ্জামান ও সেক্রেটারি নওশের চৌধুরীসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।