ফরিদপুরের মধুখালীতে মহাসড়কে নিয়মিত তল্লাশিকালে দুই কেজি গাঁজাসহ রানা খান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ট্রাফিক পুলিশ।
আজ (১৮ জুন, বৃহস্পতিবার) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রানা খান ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মধুখালী রেলগেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাফিক পুলিশের একটি দল যানবাহন চেকিং করছিল। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি ও চালকের বেপরোয়া চালানো দেখে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পুলিশ বাইকটিকে থামার সংকেত দেয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত মৌলিক বলেন, “পরিবহন চেকিংয়ের সময় গাঁজাবাহী ওই মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেপরোয়া ছিল। সন্দেহবশত আমরা বাইকটি থামিয়ে তল্লাশি চালাই এবং মাদকসহ ওই ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই।”
ট্রাফিক পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ীকে জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেলসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মধুখালী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।