ফরিদপুরের মধুখালীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বাণিজ্য মেলা ও বৈশাখী উদযাপন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরতে এবং জনসাধারণের বিনোদনের লক্ষ্যে আয়োজিত এই মেলা উদ্বোধনের সময় এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহন।
উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, আপাতত ১৫ থেকে ২০ দিনের জন্য মেলার অনুমতি প্রদান করা হয়েছে। তিনি মেলার শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে মেলা উপভোগ করতে পারেন, সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুখালী উপজেলা আমির মাওলানা আলিমুজ্জামান, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামায়াতের আমির তাদের বক্তব্যে বলেন, মধুখালীর একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এই বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এই আয়োজনকে সফল করতে দল-মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
বিকেল থেকেই মেলা প্রাঙ্গণে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। রকমারি পণ্যের স্টল, হস্তশিল্প এবং শিশুদের বিনোদনমূলক রাইড মেলায় বাড়তি মাত্রা যোগ করেছে। আয়োজকরা আশা করছেন, আগামী দিনগুলোতে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম আরও বাড়বে।