ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জাতীয় ভিত্তিক কবিতা আবৃত্তি, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (সোমবার, ৩১ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা মধুখালী উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব ইলাহী।
প্রধান অতিথি মো. মাসুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘নজরুল বর্ষ’ ঘোষণার সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। এজন্য মধুখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।”
বক্তব্য চলাকালে তিনি উপস্থিত শিক্ষার্থীদের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘সংকল্প’ কবিতা শোনেন এবং কবিতার উদ্বৃতি দিয়ে বলেন, “নজরুল সাহিত্যের অদম্য উদ্দীপনা ও ভাবধারাই আজ আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।”
তিনি আরও যুক্ত করেন, “আমাদের জাতীয় ও সামাজিক জীবনের যেকোনো উৎসবের আনন্দ এবং সংগ্রামের সাথে কবি নজরুলের সৃষ্টিকর্ম গভীরভাবে জড়িয়ে রয়েছে। উদাহরণস্বরূপ, ‘ রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি শোনেনি বা ভালোবাসেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। কবির এই অসাম্প্রদায়িক চেতনা ও সাহিত্য আদর্শকে লালন করেই আমাদের নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যেতে হবে।”
উদ্বোধনী পর্বে স্থানীয় ‘একতারা সংগীত একাডেমি’র ক্ষুদে শিল্পীরা কবি নজরুলের কালজয়ী গান ও সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী, সুধী সমাজ এবং স্থানীয় নজরুলপ্রেমী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়।