ভাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ, ২৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য ঘোষণা
ভাঙ্গা প্রতিনিধি
Update Time :
শনিবার, ২৭ জুন, ২০২৬
৮১
Time View
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, আমন ধানের বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ (শনিবার,২৭ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন। তিনি কর্মসূচির উদ্দেশ্য, উপকারভোগী কৃষকের সংখ্যা এবং বিতরণকৃত উপকরণের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলায় ২৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় এদিন ২ হাজার ২১০টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি ১ হাজার ১১০ জন কৃষকের মধ্যে উচ্চফলনশীল আমন ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, “সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।”
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এসব কার্যক্রম সফল বাস্তবায়নে কৃষকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।