গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে ফরিদপুরের মধুখালী উপজেলায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (শনিবার, ১ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলটি পৌরসভা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মধুখালী বাজার প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মধুখালী রেলগেট সংলগ্ন ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা সাধারণ সম্পাদক নওশের আলী চৌধুরী, পৌর আমির মোহাম্মদ রেজাউল করিম, পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ডা. আমির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাদের ওপর হামলার অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার নিশ্চিত করার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। তারা সংশ্লিষ্ট ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আয়োজকদের দাবি, গণমিছিলে উপজেলা ও পৌর এলাকার শত শত নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।