গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের জন্য মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম জানান, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি দরিদ্র পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। এছাড়া বাড়িঘর পুনর্নির্মাণের জন্য আরও ২৫টি পরিবারকে ৬ হাজার টাকা করে চেক এবং দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।