গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় একটি পুকুর থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত বি এম মাহমুদুল ইসলাম (৩৮) খাগড়াছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের বাসিন্দা এবং হায়দার আলী ভূঁইয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর প্রাথমিক তদন্তের অংশ হিসেবে নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।