গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা এবং বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনসের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় জুন ২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা বিভিন্ন ক্যাটাগরির পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কল্যাণ সভার শেষ পর্বে গোপালগঞ্জ সদর থানার বদলিকৃত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়। সহকর্মীরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
এদিকে একই দিন জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুন ২০২৬ মাসে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তের অগ্রগতি, বিচারিক কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। তদন্তাধীন মামলাগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) এবং জেলার সব থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।