গোপালগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশ্বকাপ ফুটবল ২০২৬ সমর্থক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে আয়োজিত এই ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।
ফাইনাল খেলায় শুরু থেকেই ব্রাজিল সমর্থক দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। প্রথমার্ধে এক গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে তারা জয় নিশ্চিত করে। আর্জেন্টিনা সমর্থক দল কয়েকবার আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পায়নি। ফলে ৩-০ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা উপভোগ করতে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ উপস্থিত দর্শক, অতিথি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের স্মারক মেডেল প্রদান করা হয়। পরে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।