গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলা কৃষক দলের সভাপতি এস এম শাহিদ শেখ (৬০)। শুক্রবার (৯ অক্টোবর) সকালে হাঁটতে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
এস এম শাহিদ শেখ গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানির চাচাতো ভাই। তিনি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সংসদ সদস্য এস এম জিলানি, শাহিদ শেখ এবং পরিবারের আরও কয়েকজন সদস্য টুঙ্গিপাড়া-বাশবাড়িয়া সড়কে হাঁটতে বের হন। হাঁটার একপর্যায়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার আসরের নামাজের পর পাটগাতি গ্রামের একটি বালুর মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সংসদ সদস্য এস এম জিলানিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।