বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজকে আগামী দিনে সংগঠনের আরও গুরুত্বপূর্ণ ও সামনের সারির দায়িত্বে দেখতে চান তার শুভাকাঙ্ক্ষী ও গোপালগঞ্জবাসী। একই সঙ্গে তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করে সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করা হয়েছে।
তৌহিদুর রহমান তাজ গোপালগঞ্জের বেদগ্রামের সন্তান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী ও সক্রিয় ছিলেন। তিনি গোপালগঞ্জের এসএম মডেল স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং হাজী লাল মিয়া সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে আইন বিষয়ে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবনে তৌহিদুর রহমান তাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হল ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান এবং বর্তমানে একই পদে দায়িত্ব পালন করছেন বলে জানানো হয়েছে।
এছাড়া তিনি বাংলাদেশ আইন সমিতির শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তার শুভাকাঙ্ক্ষীদের দাবি, গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন তৌহিদুর রহমান তাজ। এর মধ্যে রয়েছে পৌর এলাকার রাস্তাঘাট সংস্কার, পানি শোধনাগারের প্রয়োজনীয়তা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাগরিক সেবাগুলো সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করার বিষয়।
তারা বলেন, গোপালগঞ্জের সন্তান হিসেবে তৌহিদুর রহমান তাজ স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখছেন। ছাত্রদলের কমিটি পুনর্গঠনের প্রক্রিয়ায় আগামী দিনে তিনি আরও গুরুত্বপূর্ণ অবস্থানে আসবেন—এমন প্রত্যাশা রয়েছে তার অনুসারীদের মধ্যে।
তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করে গোপালগঞ্জবাসীর দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।