রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রধান অতিথি এস এম জিলানী পোনা অবমুক্ত কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি মৎস্য চাষের সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
এস এম জিলানী বলেন, তিনি নিজেও মৎস্য খামারের সঙ্গে যুক্ত। ফলে মৎস্য খাতের সম্ভাবনা ও বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে তাঁর সরাসরি অভিজ্ঞতা রয়েছে। দেশের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাচার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদসহ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী মৈ বাকচী।
পোনা অবমুক্ত কর্মসূচি শেষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মাছ চাষে মানুষকে উৎসাহিত করা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন বার্তা প্রচার করা হয়।
আয়োজকদের মতে, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে মৎস্য খাতের অবদান দিন দিন বাড়ছে। জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনগণের অংশগ্রহণ আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।