দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে সাইন্স একাডেমীর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাইন্স একাডেমীর পরিচালক ধনেশ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের অন্যতম সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক ও বীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় সাফল্য কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় সাইন্স একাডেমীর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।