দিনাজপুরের বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬-এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু এবং দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, জুলাই কারাবরণকারী যোদ্ধা রিপন আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিকত্বে উদ্বুদ্ধ করতে হবে। তারা বলেন, জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি, আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা আরও বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি, গণতান্ত্রিক চর্চা এবং বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৬ জন, রচনা প্রতিযোগিতায় ৬ জন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ৩ জনসহ মোট ১৫ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।