ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টা ৩০ মিনিটে শিবরামপুর আর ডি রামগোপাল দীনবন্ধু একাডেমি ও শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাচ্চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সি, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, মাচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহান মুন্সী, ঈশান গোপালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শেখ এবং ফরিদপুর জেলা যুবদলের সদস্য জিয়াউদ্দিন মোল্লা হিরুক।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইল আসক্তি ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা মাদক গ্রহণের কুফল, সাইবার জগতের ঝুঁকি, পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরেন। বিশেষ করে অল্পবয়সী শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে অভিভাবকদের সতর্ক করেন।
বক্তারা ইভটিজিং ও বাল্যবিবাহের সামাজিক ও আইনগত পরিণতি তুলে ধরে এ ধরনের অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভাটিকে প্রাণবন্ত করে তোলে।