ফরিদপুরের মধুখালীতে সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এনজিও সংস্থা ‘আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের শুভ সূচনা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজব আলী মোল্লা।
আশার মধুখালী অঞ্চলের সিনিয়র জেনারেল ম্যানেজার রতন চন্দ্র দে-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান সরদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশা বাগাট ব্রাঞ্চের ম্যানেজার আ. হান্নান, সহকারী ম্যানেজার সেলিমউদ্দীন, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তাক মিয়া, স্থানীয় গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যসেবিকা এবং সুধী সমাজের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ বিশেষ ক্যাম্পে মানবদেহের বিভিন্ন অংশের জটিল ব্যথা, প্রতিবন্ধী শিশুদের পা বাঁকা হওয়াজনিত সমস্যা এবং স্ট্রোক পরবর্তী শারীরিক জটিলতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে ফিজিওথেরাপি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। ক্যাম্পে ফিজিওথেরাপিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়ামিন জাহান ফাতেমা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘আশা’র এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। বিশেষ করে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভোগা অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে ফিজিওথেরাপি সেবা গ্রহণের জন্য আসা বিভিন্ন বয়সসীমার রোগীদের মাঝে সেবা প্রদান শুরু হয়।